16/09/2026
আমি সিভিল ইঞ্জিনিয়ার......
রেখা টানি, মাপ নিই—স্বপ্ন করি হিসাব,
নকশার পাতায় গড়ে ওঠে ভবিষ্যতের জবাব।
কলম আমার অস্ত্র যেন, স্কেল আমার ঢাল,
ভুলের কাছে মাথা নত নয়—দায়িত্ব আমার বিশাল!
আমি সিভিল ইঞ্জিনিয়ার—
নির্মাণ আমার নেশা, নিরাপত্তা আমার অঙ্গীকার!
অফিস ঘরে বসে আমি নকশা করি রাত,
কলাম-বিমের হিসাব কষি, ফাউন্ডেশনের সাথে হাত।
লোড আসে কোথা থেকে, কোথায় যাবে ভার,
প্রতিটি হিসাব বলে দেয়—ভবন হবে কতটা শক্ত আর ভারসাম্যদার।
রডের ব্যাস, স্পেসিং মেপে, কংক্রিটের মান,
প্রতিটি ধাপে নিশ্চিত করি নির্মাণের সম্মান।
কম্পন এলে নড়বে না ঘর, ঝড় এলেও নয় হার
বিজ্ঞান দিয়ে গড়ে তুলি মানুষের নিরাপদ সংসার।
তারপর যখন সাইটে যাই—
নকশা তখন পায় প্রাণ,
রডের মাঝে, কংক্রিটে মিশে
বাস্তব হয় পরিকল্পনার গান।
লাইন ঠিক? লেভেল ঠিক?
প্লাম্ব আছে ঠিকঠাক?
ড্রইং মেনে কাজ হচ্ছে তো?
দেখি আমি বারবার তাক।
মিস্ত্রির হাতে ইট যখন, শ্রমিক যখন ঢালে বালি,
আমার চোখে প্রতিটি কাজ—গুণমানের খাঁটি পাল্লা।
কলাম থেকে ছাদ পর্যন্ত, প্রতিটি স্তরে নজর,
কারণ একটি ভুলই কখনো হতে পারে বিপদের খবর।
আমি শুধু ভবন বানাই না—
বানাই মানুষের আশ্রয়,
আমি শুধু কলাম দাঁড় করাই না—
দাঁড় করাই বিশ্বাসের নির্ভয়।
কাগজের পাতায় যে স্বপ্ন আঁকি,
সাইটে তারই বাস্তব রূপ,
আমার হাতে ইট-পাথর পায়
স্থায়িত্বের নতুন ধূপ।
ঘাম ঝরে, রোদ পুড়ায়, তবু থামে না পথ,
কারণ নির্মাণের প্রতিটি ধাপে আমার দায়িত্ব শত।
আজ যে ভবন মাথা তুলে দাঁড়ায় আকাশ ছুঁয়ে কাল,
তার প্রতিটি ইঞ্চিতে লেখা থাকে—ইঞ্জিনিয়ারের শ্রম আর ভালোবাসার জাল।
অফিস আমার চিন্তার ঘর,
সাইট আমার কর্মভূমি;
নকশা আমার স্বপ্নের ভাষা,
নির্মাণ আমার পূর্ণভূমি।
ইট-বালু-রড-কংক্রিট—
এসব শুধু উপকরণ নয়,
মানুষের স্বপ্ন, মানুষের জীবন—
আমার কাছে অমূল্য পরিচয়।
তাই বুক ফুলিয়ে বলি আজ,
নেই কোনো সংশয়—
আমি সিভিল ইঞ্জিনিয়ার,
নির্মাণ আমার পরিচয়!
নকশায় আমি স্বপ্ন আঁকি,
সাইটে দিই তার জয়!
জ্ঞান, সততা, দক্ষতা নিয়ে
এগিয়ে চলাই ধ্যান—
মানুষের জন্য নিরাপদ ভবন
গড়াই আমার সম্মান!
লেখা : ইঞ্জিনিয়ার মাহমুদ আল হাফিজ (অভি)
১৫/০৯/২৬