27/08/2026
আরিফ সাহেব যখন নিয়ামত আলীর জমিটি পছন্দ করেন, তখন নিয়ামত আলী জানান যে তিনি নিজেই সেখানে বড় শেড এবং আরসিসি কাঠামো তৈরি করে ফ্যাক্টরী উপযোগী করে ভাড়া দেবেন। চুক্তি অনুযায়ী, অগ্রিম টাকা দিয়ে কাজ শুরু হয়।
ঠিক এই সময়ে নিয়ামত আলীর পাশে এসে দাঁড়ায় স্থানীয় প্রভাবশালী কিছু দালাল। তারা নিয়ামত আলীকে বোঝায়, "হাজী সাহেব, ইঞ্জিনিয়ার-আর্কিটেক্ট ডাকলে লাখ লাখ টাকা জলে যাবে। ওনারা শুধু খাতার পাতায় ছবি আঁকে। আমরা সস্তায়, কম খরচে রাজমিস্ত্রি দিয়ে এর চেয়ে দশ গুণ মজবুত ফ্যাক্টরী খাড়া করে দেব।" নিয়ামত আলী সরল বিশ্বাসে এবং টাকা বাঁচানোর লোভে পেশাদার কোনো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট না নিয়েই দালালদের হাতে কাজের ভার তুলে দেন। ফলে সেখানে যে অব্যবস্থাপনা তৈরি হয় তা থেকে শিক্ষা নেবার আছে। প্রথমে নির্মাণ ত্রুটি নিয়ে আলোকপাত করা যাক।
গার্মেন্টস ফ্যাক্টরী নির্মাণের জন্য নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক মানদণ্ড (যেমন: বিএনবিসি কোড, অ্যাকর্ড/রেমিডিয়েশনের নিয়ম) মেনে চলতে হয়, যা দালাল বা সাধারণ মিস্ত্রিদের ধারণার বাইরে ছিল।
হেভি মেশিনারি এবং শত শত শ্রমিকের লোড হিসাব না করেই কলাম ও ফাউন্ডেশনের ঢালাই দেওয়া হয়।
ইমার্জেন্সি এক্সিট (জরুরি বহির্গমন পথ), পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের জায়গা এবং ফায়ার সেফটির কোনো নিয়মই মানা হয়নি।
দালালরা নিজেদের পকেট ভারী করতে রড, সিমেন্ট ও ইটের মানে চরম কারচুপি করে।
কয়েক মাস পর ধুমধাম করে কাজ শেষ হলো। নিয়ামত আলীর পকেট থেকে দালালরা বাজেটের চেয়ে দ্বিগুণ টাকা (প্রায় ৪০ লাখ টাকা অতিরিক্ত) নানাবিধ উছিলায় হাতিয়ে নিয়েছে। কিন্তু আসল বিপর্যয়টা ঘটল যখন আরিফ সাহেব তার টেকনিক্যাল টিম এবং বায়ারদের (বিদেশী ক্রেতা) কমপ্লায়েন্স টিম নিয়ে ফ্যাক্টরী পরিদর্শনে এলেন।
বায়ারদের ইঞ্জিনিয়ারিং টিম এসে বিল্ডিং পরীক্ষা করেই লাল কালি দিয়ে দিল। তাদের রিপোর্ট ছিল ভয়াবহ:
ভবনের কলামগুলোর কংক্রিট স্ট্রেন্থ অত্যন্ত দুর্বল, যা ভাইব্রেটরি মেশিনারি (হাই-স্পিড সুইং মেশিন) চালনার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত।
ফায়ার সেফটি ও এক্সিট রুট না থাকায় এই ফ্যাক্টরী কখনোই কোনো আন্তর্জাতিক কমপ্লায়েন্স সার্টিফিকেট পাবে না।
যেকোনো মুহূর্তে রানা প্লাজার মতো বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
আরিফ সাহেব স্পষ্ট জানিয়ে দিলেন, এই ঝুঁকিপূর্ণ ভবনে তিনি ফ্যাক্টরী চালু করতে পারবেন না। তিনি তার দেওয়া কোটি টাকার অগ্রিম ফেরত চাইলেন এবং চুক্তি বাতিল করলেন। কারণ, এখানে উৎপাদন শুরু করলে তার কোটি কোটি টাকার বিদেশী অর্ডার বাতিল হয়ে যাবে।
অন্যদিকে, অল্প শিক্ষিত নিয়ামত আলী এখন সম্পূর্ণ নিঃস্ব। দালালদের চক্করে পড়ে নিজের জমানো টাকা এবং শেষ সম্বল জমি বন্ধক রেখে ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা দিয়ে তিনি এই ত্রুটিপূর্ণ ভবনটি তুলেছেন। এখন ভবনটি ভাঙতেও কোটি টাকা লাগবে, আবার এটি ব্যবহার করারও কোনো উপায় নেই। ব্যাংকের ঋণের নোটিশ আর আরিফ সাহেবের মামলার হুমকিতে নিয়ামত আলী এখন শয্যাশায়ী। দালালরা ততদিনে টাকা লুটে গা ঢাকা দিয়েছে।
এক পক্ষ হারিয়েছে ব্যবসার মূল্যবান সময় ও সুযোগ, আর অন্য পক্ষ অন্ধ বিশ্বাসের খেসারত দিয়ে ঋণের বোঝায় পিষ্ট হয়ে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে।
শিক্ষণীয়:
ব্যবসায়ীদের জন্য: যেকোনো বাণিজ্যিক বা শিল্প কলকারখানার জায়গা ভাড়া নেওয়ার আগে কেবল 'বিশ্বস্ততা' নয়, বরং ভবনের স্ট্রাকচারাল ফিটনেস সার্টিফিকেট (Structural Fitness Certificate) এবং পেশাদার ইঞ্জিনিয়ারের সয়েল ও লোড টেস্ট রিপোর্ট লিখিতভাবে যাচাই করা বাধ্যতামূলক।
জমির মালিকদের জন্য: দালাল বা মিস্ত্রিরা কখনোই ইঞ্জিনিয়ারের বিকল্প নয়। বিশেষ করে ফ্যাক্টরী বা কমার্শিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে বিল্ডিং কোড (BNBC) না মানলে পুরো বিনিয়োগই শূন্য হয়ে যায়।