12/07/2026
ব্র্যাক ব্যাংক-তরুপল্লব
দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৫ ...................................................
জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ নিয়ে গবেষণা, বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ব্যাংক এবং তরুপল্লব যৌথভাবে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৫’ প্রদান করেছে।
শুক্রবার (১০ জুলাই) ঢাকায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পদক তুলে দেওয়া হয়।
বাংলাদেশের প্রখ্যাত উদ্ভিদবিজ্ঞানী ও প্রকৃতিবিদ অধ্যাপক দ্বিজেন শর্মার নামে প্রবর্তিত এই পদক প্রকৃতি সংরক্ষণে নিবেদিতপ্রাণ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করে, যাদের কাজ দেশজুড়ে মানুষকে পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করছে। এবছর প্রথম আলো বন্ধুসভার মাধ্যমে নির্ধারিত ফরমে পুরস্কারের আবেদন সংগ্রহ করা হয়।
পুরস্কারের জন্য সর্বমোট ১৫৮টি আবেদন জমা পড়ে। বন্ধুসভার মাধ্যমে মোট ১০১টি এবং বাকি ৫৭টি আবেদন সার্চ কমিটি ও তরুপল্লবের সদস্যদের অনুসন্ধান থেকে পাওয়া গেছে। জুরি বোর্ডের সম্মানিত সদস্যগণ পুরস্কারের নীতিমালা অনুযায়ী, সুপারিশ কমিটি প্রদত্ত বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম যাচাই করে মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করেন।
বিরল ও বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘নিসর্গ পুরস্কার’ পেয়েছেন অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান।
এবছর প্রাকৃতিক কৃষি চর্চা, এবং টেকসই কৃষি কৃষিভিত্তিক পর্যটনের সফল মডেল গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ ‘জীববৈচিত্র্য পুরষ্কার’ পেয়েছে প্রাণ বৈচিত্র্য খামার।
দুই দশক ধরে ৩০ হাজারেরও বেশি গাছ রোপণ এবং রংপুর অঞ্চলে তৃণমূল পর্যায়ে বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তোলার জন্য বৃক্ষসখা সম্মাননা পেয়েছেন মো. বাদশা মিয়া।
ডিজিটাল প্ল্যাটফর্মে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব অর্জন করায় প্রথম নারী অ্যাগ্রো-ইনফ্লুয়েন্সার হিসেবে ‘সবুজ সারথী’ সম্মাননা পেয়েছেন উম্মে কুলসুম পপি।
বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণে অবদানে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ‘নবীন নিসর্গী’ সম্মাননা পেয়েছেন সুমাইয়া মারিয়ম।
সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বাংলাদেশের সামুদ্রিক মাছের প্রজাতির সংখ্যা ৪৭৫ থেকে ৭৪০-এ উন্নীত করার স্বীকৃতিস্বরূপ ‘পরিবেশ কীর্তিমান’ সম্মাননা পেয়েছেন অধ্যাপক ড. কাজী আহসান হাবিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কথাসাহিত্যিক, অনুবাদক ও ভ্রমণ লেখক ফারুক মঈনউদ্দীন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান, ব্র্যাক ব্যাংক-তরুপল্লব দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৫ জুরি বোর্ডের সদস্য বৃন্দ, তরুপল্লব-এর সহসভাপতি শাহজাহান মৃধা বেনু, তরুপল্লব-এর সম্মানিত সদস্যবৃন্দ এবং ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
যাঁরা ব্র্যাক ব্যাংক-তরুপল্লব দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৫-এর জন্য মনোনয়ন পেয়েছেন, সবাইকে আন্তরিক অভিবাদন। এই পুরস্কার তাঁদের কর্মউদ্যোগকে আরো গতিশীল করবে, এই প্রত্যাশা রাখি।
২০০৮ সালের ৫ ডিসেম্বর তরুপল্লব যাত্রা শুরু করে। দেশের উদ্ভিদ ও প্রকৃতিবিষয়ক অন্যতম বিশেষায়িত স্বেচ্ছাসেবী সংগঠন তরুপল্লব। তরুপল্লব এ পর্যন্ত ৪০টি গাছ চেনানোর অনুষ্ঠান, মাধবীবরণ অনুষ্ঠান, উদ্যান কর্মীদের নিয়ে কর্মশালা, বৃক্ষরোপণ ও প্রকৃতিবিষয়ক সাময়িকী প্রকৃতিপত্র প্রকাশসহ নানামুখী প্রকৃতি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রায় ১৭ বছর ধরে বিশেষায়িত জ্ঞান কাজে লাগিয়ে আমাদের একদল উদ্ভিদবিদ দেশের বিপন্ন প্রজাতির উদ্ভিদ রক্ষায় নিরলস কাজ করে চলেছেন।